নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা এস. সাঈদ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুইন্স কাউন্টির সিভিল কোর্টের সেরেমোনিয়াল কোর্টরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন নারী হিসেবে বিচার বিভাগের শীর্ষ পদে তাঁর এই আরোহণকে অভিবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ। প্রধান বিচারপতি রোয়ান উইলসন শপথ বাক্য পাঠ করান, আর পবিত্র কোরআন হাতে দাঁড়িয়ে ছিলেন সোমা সাঈদের স্বামী মিজানুর চৌধুরী। শপথ শেষে তাঁকে বিচারকের ঐতিহ্যবাহী গাউন পরিয়ে দেওয়া হলে উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান।
সোমা সাঈদ দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের লিগ্যাল সার্কেলে মেধা ও সততার পরিচয় দিয়ে আসছেন। সহকর্মীরা তাঁকে সহমর্মী ও কঠোর পরিশ্রমী হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠানে তাঁর ভাই আবেগপ্রবণ হয়ে বলেন, “আমরা আজ এমন একজনকে বিচারকের আসনে দেখছি, যিনি আমাদের ভাষা ও সংগ্রাম বোঝেন।”

শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন কমিউনিটি নেতা, আইনজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আকাশ রহমান। নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিনও এই অর্জনকে অন্তর্ভুক্তিমূলক বিচার ব্যবস্থার নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেন।
নিজ বক্তব্যে সোমা সাঈদ প্রয়াত বাবা-মায়ের স্মৃতিচারণ করে বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।” তিনি তাঁর সাফল্যে পরিবারের ত্যাগ ও বাংলাদেশি কমিউনিটির সমর্থনের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ সংবর্ধনা সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা নবনিযুক্ত বিচারককে শুভেচ্ছা জানান। সোমা সাঈদের এই অর্জন বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নপূরণের এক জীবন্ত দলিল হয়ে থাকবে।



