নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযুদ্ধের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। শেষে শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং কমিউনিটির শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।



