ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এই তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৯৪৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৯০৮ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৩৮ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৯১ হাজার ৮০৩ জন, কাতারে ২৯ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৭৪৭, আমেরিকায় ২১ হাজার ১৬৫, মালয়েশিয়ায় ২০ হাজার ৮৮৬, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৪, ওমানে ১৪ হাজার ৯৩৫, যুক্তরাজ্যে ১৪ হাজার ৩৩৭, ইতালিতে ১০ হাজার ৫৭৬, কানাডায় ৯ হাজার ৯৯৩, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬২৩, কুয়েতে ৯ হাজার ১৯, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২৭৯ ও জাপানে ৭ হাজার ১০৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, প্রবাসী বাংলাদেশি ভোটাদের নিবন্ধন এখন যেভাবে চলছে আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক সপ্তাহে দুইদিন বিভিন্ন দেশের দূতাবাস মিশন প্রধান বা প্রতিনিধির সাথে মিটিং হয়। আমাদের গর্ব করার কথা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে কেউ সমন্বয় করেনি।’
সালীম আহমাদ খান এ সময় বলেন, ‘বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য সবাইকে সাথে নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। আপনারা জানেন ঠিকানা সংশোধনের কাজ আমরা সাতটা দেশে ওপেন রেখেছি। বাকি দেশগুলা রাখিনি, কারণ দরকার হয়নি। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিকমত দিয়েছেন।’
তিনি বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যে কোন জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্তবয়ষ্ক বাংলাদেশি যে কেউ ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারেন।
প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করতে সৌদি আরবসহ ৭ দেশের জন্য ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য ছয়টি দেশ হলো— কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়েছে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।



