বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ এবং ২০ হাজার ১০৯ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বাধিক ৫১ হাজার ৫৭২ জন, আমেরিকায় ১৯ হাজার ৫৭৮ জন, কাতারে ১৩ হাজার ৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০ জন, কানাডায় ৯ হাজার ২৬৯ জন, ওমানে ৮ হাজার ৭০৭ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৩ জন, ইতালিতে ৭ হাজার ৬০৭ জন এবং জাপানে ৬ হাজার ৯৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ইসির বার্তায় জানানো হয়েছে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটারদের অবশ্যই অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। অন্যথায় পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “এখন সারা বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করা যাবে।”

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।