বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদি গ্রিন কার্ডে বিদেশি পেশাজীবীদের আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম, যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামে পরিচিত, বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। দেশটির ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।

সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই সৌদিতে বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ পাচ্ছেন। পরিবার নিয়ে বসবাস, নিজস্ব ব্যবসা শুরু, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, সম্পত্তি কেনার সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকায় নয়), স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুবিধা এবং নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুযোগ রয়েছে।

প্রোগ্রামের অধীনে দুটি প্রধান রেসিডেন্সি দেওয়া হচ্ছে। স্থায়ী রেসিডেন্সির জন্য এককালীন ৮ লাখ সৌদি রিয়াল দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকা। এটি আজীবন বৈধ থাকবে। নবায়নযোগ্য রেসিডেন্সির জন্য প্রতিবছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকা। এটি প্রতি বছর নবায়নযোগ্য। এছাড়া ২০২৪ সালে প্রোগ্রামটি সম্প্রসারণ করে সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে—বিশেষ দক্ষতা, সৃজনশীলতা, ব্যবসায়িক বিনিয়োগকারী, উদ্যোক্তা, রিয়েল এস্টেট মালিক, নবায়নযোগ্য রেসিডেন্সি এবং স্থায়ী রেসিডেন্সি।

আবেদনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না। এছাড়া বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।

আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে। প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট pr.gov.sa-তে অ্যাকাউন্ট খুলে ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ও মেডিকেল রিপোর্ট আপলোড করতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর আবেদন অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

তবে রেসিডেন্সি পাওয়ার পর সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবে না। মক্কা, মদিনা ও সীমান্ত অঞ্চলে সম্পত্তি কেনা যাবে না এবং নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে। সব মিলিয়ে, সৌদি গ্রিন কার্ড এখন শুধু বসবাসের সুযোগ নয়, বরং বিদেশি মেধা ও বিনিয়োগ আকর্ষণের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।