প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম দিনেই নিবন্ধন করেছেন প্রায় ৩,৪০০ ভোটার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীদের মধ্যে সর্বাধিক নিবন্ধন করেন দক্ষিণ কোরিয়া প্রবাসীরা—সংখ্যা ১ হাজার ৭৪৫। এরপর জাপান থেকে ৬৯০, চীন থেকে ৩৬৮ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন নিবন্ধন সম্পন্ন করেন। লিবিয়া থেকে ৬১, মিশর থেকে ৫২, উগান্ডা থেকে ১৯ এবং মোজাম্বিক থেকে ১৫ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হন।
এ ছাড়া মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে ১১ জন করে, বতসোয়ানা থেকে ৯, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬, তানজানিয়া থেকে ৫ এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে নিবন্ধন করেন। সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪২৩।
প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মোট ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। নির্ধারিত সময় বাদ পড়া প্রবাসীরাও পরবর্তীতে নিবন্ধনের সুযোগ পাবেন।



