বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর করল ওমান সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আনন্দের খবর দিয়েছে ওমান সরকার। দেশটিতে রেসিডেন্ট কার্ডের (আকামা) মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

ওমানি সংবাদপত্র আথির-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি দেশটির ‘সিভিল স্ট্যাটাস আইন’-এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত (নম্বর ১৫৭/২০২৫) জারি করেছেন।

নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত শর্ত ও মেয়াদকালের ভিত্তিতে রেসিডেন্ট কার্ডের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারবে। তবে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে, যার জন্য প্রতি বছর ফি হিসেবে ৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ডের জন্য ২০ রিয়াল ফি দিতে হবে বলে দেশটির নিরাপত্তা বিভাগ জানিয়েছে।

এর আগে, ২০২৫ সালের আগস্ট মাসে রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছিল ওমান সরকার।

ওমানের শ্রমবাজারে বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। ২০২৫ সালের জুনের হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় ১৮ লাখ বাংলাদেশি কাজ করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে প্রায় ৩ লাখ ৪৯ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।