নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে শুক্রবারের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। সাধারণত মানুষ বিনোদনের জন্য সাংস্কৃতিক আয়োজনে যেতে ভালোবাসেন। সেমিনার বা আলোচনা অনুষ্ঠানে অনেকেই হয়তো আগ্রহ পান না। তবে Autism Society Habilitation Organization (ASHO) আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শক–অতিথিদের কাছে ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
৭ নভেম্বর, জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠানে “Social Care Network and How to Access New York State Benefits” এই বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে WholeYouNYC ও নিউ ইয়র্ক সিটির Civic Engagement Commission (CEC)–এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন বেনিফিট, বাসস্থান, খাদ্য সহায়তা, তথ্যের সহজপ্রাপ্তি এবং তথ্যের গোপনীয়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ASHO’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, নিউ ইয়র্ক সিটির CEC-এর সিনিয়র উপদেষ্টা মি. বেঞ্জামিন, অভিনেতা আহমেদ শরিফ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুণ্ডু, বিশিষ্ট ছড়াকার ও বেনিফিটস বিষয়ক বিশেষজ্ঞ মনজুর কাদের, হাউজিং বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, সিপিএ সারোয়ার চৌধুরী, আব্দুল্লাহ তারেক এবং কমিউনিটি একটিভিস্ট আনোয়ার হকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল CEC থেকে পাঠানো বিশালাকৃতির দুটি পাপেট, যারা অতিথিদের নজরকাড়া অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। তাঁর পরিচালনায় নির্মিত একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
ASHO পরিবারের সদস্যরা এবং উপস্থিত অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।




