আমেরিকার ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ ইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের (১১তম জুডিশিয়াল ডিস্ট্রিক্ট) বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এই ঐতিহাসিক স্বীকৃতি অর্জন করেন তিনি।
এর আগে কুইন্স ডেমোক্র্যাটরা এ বছরের বিচারপতি প্রার্থীদের তালিকায় সোমা সাঈদকে মনোনীত করে—যেখানে কুইন্স সুপ্রিম কোর্ট বেঞ্চের প্রথম মুসলিম প্রার্থী হিসেবে তার নাম উঠে আসে। মনোনয়নের ধারাবাহিকতায় এ নির্বাচনে জয় পাওয়ায় কুইন্স থেকে সুপ্রিম কোর্টে মুসলিম প্রতিনিধিত্বের নতুন অধ্যায় শুরু হলো।
সোমা সাঈদ ২০২১ সালে নিউ ইয়র্ক সিটি কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন। সুপ্রিম কোর্টে নির্বাচিত হওয়ার আগে তিনি সিভিল কোর্টে দায়িত্ব পালন করেন এবং আইনজীবী ও কমিউনিটি নেতৃত্বে দীর্ঘদিন সক্রিয় ছিলেন।
পেশাগত ও সামাজিক নেতৃত্বে তিনি একাধিক সংগঠনের সাথে যুক্ত। কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন; এছাড়া এশিয়ান আমেরিকান বার অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক–এর প্ল্যাটফর্মে তিনি সুপ্রিম কোর্ট মনোনয়নের সময় বিচারবৈচিত্র্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
কুইন্স ডেমোক্র্যাটদের মনোনয়ন ঘোষণার সময় স্থানীয় গণমাধ্যমগুলো জানান, এ বছরের শূন্য পাঁচটি পদের দৌড়ে সোমা সাঈদসহ মনোনীতরা ডেমোক্র্যাট-ঘেঁষা কুইন্সে জয়ের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন—নির্বাচনের ফল তা নিশ্চিত করল।
সোমা সাঈদের এ জয় নিউ ইয়র্কের আদালত ব্যবস্থায় বাংলাদেশি-আমেরিকান ও মুসলিম কমিউনিটির দৃশ্যমান প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে বলে আইনি মহলের প্রত্যাশা।



