বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, এজেন্সির আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সুযোগে বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের আগামী ৭ নভেম্বরের মধ্যে কাগজপত্রসহ আবেদন দাখিল করতে বলেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শেফায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকায় বাংলাদেশ–মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কুয়ালালামপুর পক্ষ বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনে অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও সমান সুযোগ দেওয়ার আশ্বাস দেয় এবং ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ পাঠায়। ভবিষ্যতে এই অভিন্ন মানদণ্ডে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের এজেন্ট নির্বাচন করা হবে।

এজেন্ট নির্বাচনের প্রধান মানদণ্ড—লাইসেন্স প্রাপ্তির পর কমপক্ষে ৫ বছর সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা। গত ৫ বছরে ন্যূনতম ৩,০০০ কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ এবং কমপক্ষে ৩টি ভিন্ন গন্তব্য দেশে নিয়োগের অভিজ্ঞতা। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স; প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ থেকে ‘সদাচরণের সনদ’। জবরদস্তিমূলক শ্রম নিয়োগ, মানবপাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থপাচার বা অনৈতিক অভিবাসন–সম্পর্কিত অপরাধের রেকর্ড না থাকা। নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র—আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধা ও দিকনির্দেশনা মডিউলসহ। অন্তত পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তার পৃথক পৃথক প্রশংসাপত্র। ন্যূনতম ১০ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস, যা কমপক্ষে ৩ বছর ধরে পরিচালিত—কর্মী বাছাই ও নিয়োগের পূর্ণ অবকাঠামোসহ। পূর্বে মালয়েশিয়াসহ গন্তব্য দেশের আইনসম্মত ও পদ্ধতিগত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের প্রমাণপত্র।

মন্ত্রণালয় জানায়, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশি এজেন্সির তুলনায় অন্যান্য দেশের এজেন্সির সুযোগ বেশি ছিল। সমতা ও সামঞ্জস্য বজায় রাখতে ধারাবাহিক তাগিদের ফলে বাংলাদেশি লাইসেন্সধারী সব বৈধ এজেন্সির তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

যোগ্য এজেন্সিগুলোকে ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৭ নভেম্বর-এর মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।