পর্তুগালের মন্তিজো শহরের এক বাসস্টপের পাশে ঝুলানো “Isto não é Bangladesh” (এটা বাংলাদেশ নয়) স্লোগানযুক্ত রাজনৈতিক বিলবোর্ড ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ডানপন্থী দল শেগা–র নেতা আন্দ্রে ভেনচুরার ছবি ব্যবহার করা পোস্টারটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে।
প্রবাসীদের অভিযোগ, শেগা দলের অভিবাসনবিরোধী অবস্থানকে সামনে রেখে বাংলাদেশিদের কটাক্ষ করতেই এ স্লোগান বেছে নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বার্তাটি দক্ষিণ এশীয় শ্রমিকদের, বিশেষত বাংলাদেশিদের প্রতি নেতিবাচক ধারণা উসকে দেয়।
স্থানীয় কমিউনিটি সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’–এর সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) বলেন, “আন্দ্রে ভেনচুরা বর্ণবাদী রাজনীতির ভাষা ব্যবহার করছেন। পর্তুগিজরা সরাসরি কথায় বিশ্বাস করলেও, এমন বার্তা আমাদের কমিউনিটিতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।” তিনি জানান, বিষয়টি বাংলাদেশ দূতাবাস ও সরকারের নজরে এসেছে; প্রবাসীরা কূটনৈতিক সমাধান আশা করছেন।
বিলবোর্ড নিয়ে পর্তুগিজ নাগরিকদের প্রতিক্রিয়া দ্বিমুখী—কেউ একে “অভিবাসন–বাস্তবতার প্রতিচ্ছবি” বলে সমর্থন করলেও, অনেকে বিদ্বেষমূলক ও লজ্জাজনক রাজনৈতিক কৌশল হিসেবে নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, রক্ষণশীল নেতা আন্দ্রে ভেনচুরার নেতৃত্বে শেগা দল পরবর্তী নির্বাচনী মৌসুমে অভিবাসনবিরোধী বার্তা জোরদার করছে বলে পর্যবেক্ষকদের অভিমত। প্রবাসীরা বলছেন, বাংলাদেশবিরোধী ইঙ্গিতপূর্ণ প্রচারণা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে; তাই দ্রুত আইনগত–কূটনৈতিক পদক্ষেপ জরুরি।



