বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের অঞ্চল থেকে অনিয়মিতভাবে অবস্থানরত ৩০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল-এর একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলি ও পার্শ্ববর্তী এলাকা থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এসব বাংলাদেশিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় দেশে আনা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো বহু বাংলাদেশি বন্দি রয়েছেন।

ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। তাঁদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে জানান সংশ্লিষ্টরা।

সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে দেশে ফেরা এসব বাংলাদেশিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।