বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসব: মানবতার সুরে সুর মিলল প্রবাসে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

লালনের দর্শন, মানবতার বার্তা ও বাউল সুরের মেলবন্ধনে আমেরিকার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫’। স্থানীয় সময় রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় লালন পরিষদ ইউএসএ–এর আয়োজনে এই উৎসবে প্রবাসী বাঙালিদের ভিড়ে মুখর ছিল নিউ ইয়র্কের উডসাইড এলাকা।

কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীনকে উৎসর্গ করা এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল— “মানুষ ভজলে সোনার মানুষ হবি।” বাউল সুর, একতারা–দোতারা ও দেশীয় আবহে জমে ওঠা এই আয়োজনে দর্শকরা যেন ফিরে যান বাংলার গ্রামীণ প্রান্তরে।

উৎসব উদ্বোধন করেন খ্যাতনামা বাউলশিল্পী শফি মণ্ডল। উদ্বোধনের পর দলীয় নৃত্যে পরিবেশিত হয় লালনের অমর গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক হুসেন কবির। তিনি বলেন, “লালন বিশ্বসমাজকে যে বার্তা দেন, তা হলো মানুষকে ভজার এবং মানুষকে বোঝার আহ্বান। আজকের মানবিক সংকটময় বিশ্বে তাঁর দর্শন আগের যেকোনো সময়ের চেয়ে প্রাসঙ্গিক।”

অনুষ্ঠানে ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পীরা পরিবেশন করেন লালনের জনপ্রিয় গান।

লালন পরিষদ ইউএসএ’র প্রধান উপদেষ্টা নুরল আমিন বাবু বলেন, “ধর্ম, বর্ণ, জাতীয়তার ঊর্ধ্বে উঠে লালন ফকির মানবতার যে জয়গান গেয়েছেন, তার সামান্য অংশও যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই এই প্রয়াস সফল হবে।”

উৎসব সঞ্চালনা করেন সোনিয়া শারমিন।

প্রবাসী বাঙালিদের এই আয়োজন শুধু সংগীতের উৎসব নয়, বরং এক মানবিক মিলনমেলা—যেখানে দেশ, ধর্ম ও বর্ণের ভেদাভেদ মুছে গিয়ে জেগে ওঠে একটাই পরিচয়—মানুষ।