মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে তাদের মধ্যে ঝগড়ার জেরেই মৃত্যু ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে দুই যুবকের মধ্যে ঝগড়া এবং উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে একজন রুমমেট ঘরে ফিরে এসে তাদের মৃত অবস্থায় দেখেন। স্থানীয় এক ব্যক্তি জানান, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল এবং মেঝেতে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। অপরজন সম্ভবত ফাঁস দিয়েছেন, তবে ঘরের দরজা তখন বন্ধ ছিল। পুলিশ পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছাকাছি একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন।
জুহাইলি নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ছোট জন নামে একজন যুবক সম্প্রতি তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে হারিয়েছেন; স্ত্রী শিশুটিকে নিয়ে প্রায় দুই সপ্তাহ আগে চলে গিয়েছিলেন। পূর্বেও তাদের মধ্যে ঝগড়ার শব্দ শুনেছেন, যা কাজ ও পারিবারিক জীবনের চাপের কারণে ঘটতো।
ঘটনার পরে রাত প্রায় ১০.৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।



