নিউ ইয়র্কের উডসাইডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে নজরুল একাডেমি অব ইউএসএ’র এক যুগ পূর্তি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসের নানা প্রজন্মের নজরুলপ্রেমীরা।
সাংস্কৃতিক আবহে ভরপুর এই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কবিতা পাঠ, নজরুলগীতি, নৃত্য পরিবেশনা, একক ও সমবেত সংগীতসহ নানা পরিবেশনা। নজরুল একাডেমির শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও অংশ নেন, যাঁদের পরিবেশনায় ফুটে ওঠে মানবতা, প্রেম ও বিদ্রোহের কবির চিরন্তন বার্তা।
অনুষ্ঠানটি বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। উডসাইডের কুইন্স প্যালেস যেন পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিশিষ্ট সাহিত্যপ্রেমী, সংগঠক, শিল্পী ও কমিউনিটির নেতৃবৃন্দ।
নজরুল একাডেমির কর্মকর্তারা জানান, এক যুগের এই পথচলায় সংগঠনটি প্রবাসে নজরুলচর্চাকে নতুন মাত্রা দিয়েছে। তাঁদের ভাষায়, “নজরুলের গান, কবিতা ও ভাবধারা উত্তর আমেরিকার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।”
অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজক ও অতিথিরা এক অভিন্ন প্রত্যয় ব্যক্ত করেন—প্রবাসের মাটিতেও নজরুলের চেতনা, গান ও কবিতা যেন বেঁচে থাকে নতুন প্রজন্মের কণ্ঠে, মনে ও মগজে।
নজরুলের আদর্শ ও মানবতার বাণীকে প্রবাসজুড়ে ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দেয় নজরুল একাডেমি অব ইউএসএ।



