বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সমন্বিত প্রচেষ্টায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ৩০৯ জন স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত নাগরিকরা শুক্রবার (১০ অক্টোবর) আনুমানিক বেলা ১১টায় ফ্লাইওয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ অভিবাসীদের বিদায় জানিয়ে বলেন, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত নিরলসভাবে কাজ করেছে। তিনি আরও জানান, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও লিবিয়া সরকারের সহযোগিতার ফলে প্রথমবারের মতো এই ধরনের বৃহৎ পরিসরের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

প্রত্যাবাসনকালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, দূতাবাস দ্রুত সময়ে আরও দুটি ফ্লাইটের মাধ্যমে ৬০০-এর বেশি বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করার জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

তিনি লিবিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রত্যাবাসিত নাগরিকরা পূর্বেই স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে দূতাবাস প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র সংগ্রহ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।