নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজা আয়োজনকে কেন্দ্র করে আলোচিত-সমালোচিত বেঙ্গলী ক্লাব ইউএসএ’র সভাপতি দীনেশ চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে এনওয়াইপিডি। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটে ম্যানহাটনের টাইমস স্কয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূজা উদযাপনের নামে অর্থ আত্মসাৎ, প্রতারণা, সাম্প্রদায়িক উসকানি এবং অপমানজনক মন্তব্যসহ একাধিক অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শক্তি দে গুপ্তাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দীনেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই দিন চিত্রনায়ক জায়েদ খানকে করা এক প্রশ্নকে কেন্দ্র করে দীনেশ মজুমদার ও তার সহযোগীরা শক্তি দে গুপ্তার ওপর চড়াও হন এবং তাকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শুধু তাই নয়, পূজার আয়োজনের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রতারণার অভিযোগও দীনেশ মজুমদারের বিরুদ্ধে দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, পূজার টিকিট বিক্রির নামে তিনি গত বছর প্রায় ১১ হাজার ডলার আত্মসাৎ করেন। এছাড়া শিল্পীদের নাম ভাঙিয়ে অর্থ আদায়, পূজার মূর্তি কেনার নামে টাকা নিয়ে ফেরত না দেওয়া এবং ভুয়া প্রচারণার মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক প্রমাণ সামনে এসেছে।
নিউ ইয়র্কের সাংবাদিক শিতাংশু গুহর স্ত্রী আলপনা গুহ অভিযোগ করে বলেন, “দীনেশ মজুমদার আমার কাছ থেকে পাঁচ হাজার ডলার নিয়েছিলেন পূজার মূর্তি আনার নামে, কিন্তু তা ফেরত দেননি।” একইভাবে জয়দেব শিলের স্ত্রী জানান, ২০২৩ সালের দুর্গোৎসব থেকে ১৪০০ ডলার এখনো ফেরত দেননি তিনি।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দীনেশ মজুমদারের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য ও সনাতন ধর্মাবলম্বীদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। এতে প্রবাসী সমাজে ক্ষোভ আরও বেড়ে যায়।
বাদী শক্তি দে গুপ্তা বলেন, “দিনেশ মজুমদার শুধু প্রতারকই নন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। সংগঠনের রেজিস্ট্রেশন নিয়েও মামলা করা হবে।”
প্রবাসী সমাজের অনেকেই দীনেশ মজুমদারের গ্রেফতারকে “সত্যের বিজয়” হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, ধর্মীয় উৎসবকে ব্যবসার হাতিয়ার বানিয়ে অসাধু কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের আইনের আওতায় আনা ভবিষ্যতে প্রবাসে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় দৃষ্টান্ত হয়ে থাকবে।



