বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। দূতাবাসের বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দ্রুত ও সহজে ভিসার জন্য আবেদন করতে পারেন।
ধাপ–১: অনলাইন ফর্ম পূরণ
চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে (visaforchina.cn) গিয়ে ফর্ম পূরণ করুন এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
ধাপ–২: প্রাথমিক অনলাইন পর্যালোচনা
ফর্ম জমা দিলে অনলাইনে স্ক্রুটিনি হবে। ফলাফলে যদি “সংশোধন” বা “পরিপূরক নথি প্রয়োজন” বলা হয়, দ্রুত সংশোধন/সংযোজন করে পুনরায় সাবমিট করতে হবে। ভিডিও সাক্ষাৎকারের সময় জানানো হলে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন। অনলাইন পর্যালোচনায় “সম্পন্ন” দেখানো মানে প্রাথমিক অনুমোদন হয়েছে।
ধাপ–৩: নথি জমা ও ফি প্রদান
প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন, বায়োমেট্রিক (যদি প্রযোজ্য) সম্পন্ন করবেন এবং ভিসা ফি পরিশোধ করবেন। এই ধাপে পূর্ব-অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙুলের ছাপ দিয়েছেন, যারা ১০টি আঙুলের জন্য আঙুলের ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী ৩১ ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদন করেছেন (১৮০ দিনের কম সময়ের জন্য অবস্থান করার) তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেওয়ার অনুমতি দিতে পারেন।
আবেদনকারীরা পিকআপ ফরমে উল্লিখিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন।
দূতাবাস জানিয়েছে, অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে। ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেয়ার দিন থেকে শুরু করে, নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত চার কর্মদিবস লাগে, যখন জরুরি প্রক্রিয়াকরণ ভিসা সংগ্রহের জন্য তিন কর্মদিবস সময় প্রয়োজন হয়।
চীন দূতাবাস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে, যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান, তারা যেন নির্ধারিত সময়সীমা মেনে চলেন, অন্যথায় ভ্রমণ পরিকল্পনায় দেরি হতে পারে।



