বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এনওয়াইপিডির বাংলাদেশি–আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) সদর দপ্তরে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার জেসিকা টিশের হাত থেকে পদোন্নতির সনদ নেন বাংলাদেশি–আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)–এর চার সদস্য। ডেপুটি ইন্সপেক্টর হয়েছেন বাপার সাবেক প্রেসিডেন্ট কারাম চৌধুরী; সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন আবু নূর মোহাম্মদ সৈয়দ, জসিম মিয়া ও তুহিন খান।

কারাম চৌধুরী বর্তমানে ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তিলাগাঁওয়ের সন্তান কারাম ১৯৯৩ সালে ১১ বছর বয়সে আমেরিকায় আসেন; ২০০৫ সালে এনওয়াইপিডিতে অফিসার হিসেবে যোগ দেন।

সি-ডব্লিউ-এ লোকাল ১১৮২–এর সাবেক সাধারণ সম্পাদক ও এনওয়াইপিডি ট্রাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে আবু নূর মোহাম্মদ সৈয়দ সার্জেন্ট হয়েছেন। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্সধারী আবু নূর ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে ক্যারিয়ার শুরু করে ২০১৮ সালে অফিসার হন—একই পরিবারের দুই প্রজন্মের এই সাফল্যকে বাংলাদেশি কমিউনিটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।

শেরপুরের ঝিনাইগাতীর শালচুড়া গ্রামের সন্তান জসিম মিয়াও সার্জেন্ট হয়েছেন। ২০০৯ সালে ২১ বছর বয়সে আমেরিকায় এসে ২০১৮ সালে এনওয়াইপিডিতে যোগ দেন তিনি; জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর করছেন।

সিলেটের মৌলভীবাজারের রাজনগর–জন্ম তুহিন খান ২০১৭ সালে এনওয়াইপিডিতে যোগ দেন, স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ইউনিটে দায়িত্ব পালন করেন; তিনিও এবার সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন।

বাপা প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী ও সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান। বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার বলেন, এই অর্জন বাপার প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে বাপার নেতৃবৃন্দসহ নিউই য়র্কের বাংলাদেশি–আমেরিকান কমিউনিটির বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।