বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ৩৮ বাংলাদেশিসহ ৯৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী যৌথ অভিযানে ৩৮ জন বাংলাদেশিসহ মোট ৯৪ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই অভিযানে ৫৬ জন অন্যান্য দেশের নাগরিক এবং ২ জন স্থানীয়কে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, গত বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকার আশপাশে ৪৩টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস শুক্রবার এক বিবৃতিতে বলেন, অভিবাসন আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান ও কাজের অনুমতি ছাড়াই কর্মসংস্থান—এমন বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালিত হয়েছে।

ইমিগ্রেশন জানায়, আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩–এর বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও সহায়তার অভিযোগে দুজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গণ ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।