দক্ষিণ কোরিয়ার ওনজু শহরে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত কুমিল্লার দুই শিক্ষার্থী রাজিদ আয়মান (২০) ও হাসিবুল হাসান চৌধুরী (২১) আট দিন ধরে আইসিইউতে জীবনযুদ্ধে লড়ছেন। দুর্ঘটনার পর থেকে তাঁদের জ্ঞান ফেরেনি। একই ঘটনায় আহত হয়েছেন স্কুটির চালক, বিশ্ববিদ্যালয়ের ‘বড় ভাই’ শিহাব; তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানায়, ২৭ আগস্ট রাতে বাজার থেকে ফেরার পথে একটি স্পিডব্রেকারে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের আইসিইউতে ভর্তি করেন।
রাজিদ কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের, আর হাসিবুল একই উপজেলার ধামতী গ্রামের বাসিন্দা। দু’জনই কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে অধ্যয়নরত এবং ২০২৪ সালের শুরুতে উচ্চশিক্ষার জন্য কোরিয়ায় যান। স্কুটি চালক শিহাবের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় হলেও তাঁর পরিচয়–বিস্তারিত জানা যায়নি।
আহত রাজিদের বাবা, স্কুলশিক্ষক নান্নু মিয়া বলেন, “ছোটবেলা থেকেই ছেলের স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা নেওয়া… এখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে। সবার কাছে দোয়া চাই।”
হাসিবুলের বাবা ওমর ফারুক চৌধুরী বলেন, “চিকিৎসার খরচ এত বেশি যে পরিবার নিয়ে পথে বসার অবস্থা… তবুও যদি ছেলে সুস্থ হয়ে উঠত, কোনো দুঃখ থাকত না।”
অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, অনিশ্চিত ভবিষ্যৎ ও সন্তানের বেঁচে থাকার শঙ্কায় দুই পরিবার গভীর দুশ্চিন্তায় দিন পার করছেন। পরিবারগুলোর অনুরোধ—দেশ–বিদেশের সবাই যেন দোয়া ও সহযোগিতায় পাশে দাঁড়ান।



