শুক্রবার

,

১১ই সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের নিউক্যাসল শহরে সড়ক দুর্ঘটনায় মো. আদিব ফারহান (২০) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আদিবের চাচা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আদিবের পরিবার দীর্ঘদিন ধরে ঢাকার নাখালপাড়ায় বসবাস করছে। উচ্চশিক্ষার জন্য ছয় মাস আগে তিনি অস্ট্রেলিয়ায় যান।

পরিবার সূত্রে জানা যায়, আদিব চার বন্ধুসহ ভোরে নাশতা করতে বেরিয়েছিলেন। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আদিব ফারহানসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আদিবসহ দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনও চিকিৎসাধীন।

আবুল হাসনাত জানান, আদিব ছিলেন পরিবারের বড় সন্তান। তিনি এ লেভেল, ও লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ছেলের মৃত্যুর খবরে মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আদিবের লাশ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।