বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট ভবনে অবস্থান করছেন—এমন সন্দেহে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত নেতাকর্মীরা সোমবার বিক্ষোভ করে ভবনের সামনে জড়ো হন এবং ভেতরে ঢোকার চেষ্টা চালান। কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ–সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জরুরি।”

তিনি আরও বলেন, বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, এবং আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে তাঁর সহকর্মীরা কাজ করবেন বলে তিনি বিশ্বাস করেন। প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা দেওয়ার প্রস্তুতিও ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত আনসারীর ভাষ্যে, আন্তর্জাতিক বিধি–বিধান অনুযায়ী স্বাগতিক দেশকে নিজ ভূখণ্ডে থাকা সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়; সেই পরিপ্রেক্ষিতেই নিউ ইয়র্কের কনস্যুলেট ভবনের নিরাপত্তা আমেরিকা সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা গ্রেপ্তার হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কনস্যুলেট ও স্থানীয় আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।