নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ডেমোক্রেটিক প্রার্থী জজ সোমা সাঈদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে বাংলাদেশি–আমেরিকান কমিউনিটি। সোমবার বিকেলে জ্যাকসন হাইটসে প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে “Meet The Press” শীর্ষক এক বিশেষ আয়োজনে এই সমর্থন ঘোষিত হয়।
আয়োজকদের মতে, প্রবাসে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিচারপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং তরুণ প্রজন্মকে জনসেবায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ সমর্থনই নভেম্বরে জজ সাঈদের জয়ে ভূমিকা রাখবে।
নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী, আগাম ভোট ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, আর মূল নির্বাচন ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। জজ সাঈদ ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমা সাঈদের বিচারাঙ্গনে পথচলা শুরু হয় আইনজীবী হিসেবে; দীর্ঘদিনের আইনচর্চা, প্রো–বোনো সেবা এবং বিভিন্ন আইনজীবী সংগঠনে নেতৃত্বের অভিজ্ঞতা তাঁকে কমিউনিটিতে পরিচিত করে তোলে। ২০২১ সালে তিনি নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি–আমেরিকান নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েন। পরে তিনি নিউ ইয়র্ক ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক হিসেবে কর্মরত।



