রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও কঠোর হুমকি ভারতের অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত হানছে বলে মনে করছে নয়াদিল্লি। একসময় ‘বন্ধু’ সম্বোধনের সম্পর্ক এখন শুল্ক ও নিষেধাজ্ঞার কূটনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। ফলে আমেরিকা ও ভারতের বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ না করলে ভারতের পণ্যের ওপর আরও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর আগে তিনি ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ট্রাম্পের এমন পদক্ষেপে দুই দেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ভারত শুধু বিপুল পরিমাণ রুশ তেল কিনছে না, বরং সেই তেল খোলাবাজারে বিক্রি করে বড় অঙ্কের মুনাফাও করছে।” তিনি জানান, এই কারণেই ভারতের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে জানায়, নয়াদিল্লি তার অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মন্ত্রণালয় আরও অভিযোগ করে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন দ্বিচারিতা করছে। তারা একদিকে ভারতের সমালোচনা করছে, অন্যদিকে নিজেরা রাশিয়ার সঙ্গে বিশাল বাণিজ্য করে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে ইইউ রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে এবং রেকর্ড ১৬.৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। আমেরিকাও রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির কাঁচামালসহ নানা রাসায়নিক পদার্থ আমদানি অব্যাহত রেখেছে।
এদিকে ভারতীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে ভারত। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত গড়ে দৈনিক ১.৭৫ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে।
মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকার অবস্থানকে ‘অনৈতিক বাণিজ্যিক চাপ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং বৈধ নয়।”
এদিকে, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শুক্রবার থেকে রাশিয়া ও রুশ পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিশ্লেষকদের মতে, এ নিষেধাজ্ঞা ‘সেকেন্ডারি’ হতে পারে, যার মাধ্যমে তৃতীয় দেশের ওপরও আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।




