ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।
রবিবার (৩ আগস্ট) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প জানান, “আমার ধারণা উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার মস্কো যাবেন।”
সম্প্রতি অনলাইনে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বাকবিতণ্ডার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি দুটি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েন করেছেন—যেগুলো বর্তমানে ইউরোপীয় অঞ্চলে অবস্থান করছে।
তবে এগুলো পারমাণবিক-শক্তিচালিত, নাকি পারমাণবিক অস্ত্রে সজ্জিত—সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। সাবমেরিনগুলোর অবস্থানও গোপন রেখেছে আমেরিকার সামরিক বাহিনী।
ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্প যে সময়সীমা নির্ধারণ করেছেন, তা আগামী সপ্তাহের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়সীমা শেষ হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করারও হুমকি দিয়েছেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষিত ‘দ্বিতীয় শুল্ক’ নীতির ফলে রাশিয়ার বাণিজ্যিক মিত্র চীন ও ভারতও চাপের মুখে পড়তে পারে। এতে বিশ্ববাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, স্টিভ উইটকফ গত কয়েক মাসে একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং কয়েক দফা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকও করেছেন বলে জানা গেছে।




