বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পোপ লিও’র নেতৃত্বে ১০ লাখ তরুণের অংশগ্রহণে রোমে ‘জুবিলি অব ইয়ুথ’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পোপ চতুর্দশ লিও’র নেতৃত্বে রোমে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী ‘জুবিলি অব ইয়ুথ’। রোম থেকে এএফপি জানায়, তীর্থযাত্রার এই চূড়ান্ত আয়োজনে শনিবার রাতের নৈশপ্রার্থনায় যোগ দিতে রোমে উপস্থিত হয়েছেন প্রায় ১০ লাখ তরুণ ক্যাথলিক। বিশ্বের ১৪৬টিরও বেশি দেশ থেকে আগত ১৮ থেকে ৩৫ বছর বয়সী এসব তীর্থযাত্রীদের জন্য এই অনুষ্ঠান পবিত্র জুবিলি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।

এই প্রথমবারের মতো আমেরিকান নাগরিক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তরুণদের জন্য বড় আকারের এই অনুষ্ঠান আয়োজন করলেন পোপ লিও। তাঁর নেতৃত্বে প্রথমবার এমন আয়োজনে অংশ নিতে তরুণদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

রোমের ঐতিহাসিক সার্কাস ম্যাক্সিমাস এলাকায় শুক্রবার কনফেশন বা পাপ স্বীকার অনুষ্ঠানে এক হাজারের বেশি পুরোহিত উপস্থিত ছিলেন। খ্রিস্টপূর্ব যুগের হিপোড্রোমে স্থাপিত ২০০টি সাদা গাজেবোতে ১০টি ভাষায় তরুণরা পুরোহিতদের সঙ্গে কথা বলেন।

ফ্রান্স থেকে আগত শিক্ষার্থী অ্যালিস বেরি বলেন, “আমরা এখনো তাঁকে ভালোভাবে চিনি না। তিনি তরুণদের জন্য কী বার্তা দেবেন, তা জানার অপেক্ষায় আছি।”

এবারের আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বব্যাপী তরুণরা অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বৈষম্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগে আছে। বেলিজ থেকে আগত সামারেই সেমোস বলেন, “আমি চাই তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে শক্ত অবস্থান নিন।”

ভ্যাটিকান জানায়, ইউক্রেন ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আগত তরুণদের উপস্থিতি বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। পোপ লিও তরুণদের প্রতি বারবার শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, “তরুণদের কণ্ঠস্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে।”

মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে রোমের টর ভারগাটা এলাকায়, যেখানে পোপ দ্বিতীয় জন পলের নেতৃত্বে ২৫ বছর আগে শেষবার তরুণদের জুবিলি অনুষ্ঠিত হয়েছিল। এবারের আয়োজনে ৪ হাজার ৩০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং নিরাপত্তায় মোতায়েন রয়েছেন এক হাজারের বেশি পুলিশ সদস্য।

বিশ্বের নানা সংকটের মধ্যেও তরুণদের আশাবাদী কণ্ঠ আর বিশ্বাসের দৃঢ়তা নতুন এক শান্তির বার্তা নিয়ে এসেছে ভ্যাটিকান শহরে।