বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, “গাজায় মানবিক দুর্দশা ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।” তবে এই স্বীকৃতি শর্তসাপেক্ষ—ফিলিস্তিনকে ২০২৬ সালে হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন আয়োজন, শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

কানাডার এই ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “কানাডা এইমাত্র ফিলিস্তিনের প্রতি সমর্থন ঘোষণা করেছে। এর ফলে তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি করা এখন খুব কঠিন হয়ে যাবে। ওহ কানাডা!”

এদিকে, গাজায় মানবিক বিপর্যয় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনেই নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এই বাস্তবতায় অনেক দেশের নীতিনির্ধারক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে মানবিক ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ১৫ জন ত্রাণপ্রত্যাশীসহ ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে, যা যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের মৃত্যু সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ বিতর্কিত ভূমিকা রাখছে বলেও অভিযোগ উঠেছে। এই সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কানাডার ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সার্বিকভাবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আন্তর্জাতিক স্বীকৃতির গতি আগের যেকোনো সময়ের চেয়ে জোরালো হয়ে উঠছে, যদিও এখনো এর সামনে রয়েছে বহু রাজনৈতিক ও কূটনৈতিক বাধা।