বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামি, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো পূর্বাঞ্চলীয় এলাকা। ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের পরপরই সৃষ্টি হয় তীব্র সুনামি, যার প্রভাব প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বহু দেশে ছড়িয়ে পড়ে। আমেরিকা, জাপান, চিলি ও হাওয়াইসহ বিভিন্ন অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা।

ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই কামচাটকা উপদ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি বিস্ফোরিত হয়। কম গভীরতার এই ভূমিকম্পটি রাশিয়ার এই দুর্গম অঞ্চলে কয়েকটি ভবনের ক্ষতি করে এবং বেশ কয়েকজন আহত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কামচাটকা উপদ্বীপ থেকে প্রায় ১১৯ কিলোমিটার দূরে সমুদ্রে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের ফলে উপকূলীয় শহর সেভেরো কুরিলস্কে পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত কামচাটকা প্রায়ই কম্পনের শিকার হয়, তবে এবারের ভূমিকম্প ছিল ১৯৫২ সালের পর সবচেয়ে শক্তিশালী।

ঘটনার সময় কামচাটকার একটি হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন ভূমিকম্প শুরু হলে চিকিৎসকরা কোনো বিরতি না নিয়ে সাহসিকতার সঙ্গে অপারেশন সম্পন্ন করেন। রোগী সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

সুনামির আশঙ্কায় জাপানের উত্তরাঞ্চল, হাওয়াই, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং চিলিতে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হাওয়াইতে একাধিক সৈকত ও বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জরুরি তৎপরতা শুরু করেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নৌযান, মাছ ধরার ঘাঁটি ও উপকূলীয় স্থাপনায় আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূকম্পনটি ছিল ‘মেগাথ্রাস্ট’ ধরনের, যেখানে দুটি টেকটোনিক প্লেট একে অপরের নিচে ঢুকে গিয়ে প্রচণ্ড শক্তি উৎপন্ন করে। এতে ভূমিধস ও সুনামি সৃষ্টি হয়।

অন্যদিকে, ২০১১ সালের ৯.০ মাত্রার ভূমিকম্প ও বিধ্বংসী সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের পূর্ব উপকূলজুড়ে নতুন করে ব্যাপকভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইভাবে হাওয়াইয়ের কিছু অংশেও মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

বর্তমানে সুনামি সতর্কতা অনেক জায়গায় প্রত্যাহার করা হয়েছে, তবে পরবর্তী কয়েকদিন ভূমিকম্পের পরবর্তী কম্পন (আফটারশক) হতে পারে বলে সতর্ক করেছেন ভূ-তত্ত্ববিদরা।