দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, “এটি দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ নিরসনে একটি জরুরি পদক্ষেপ।”
সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া শহরে আনোয়ারের সরকারি বাসভবনে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আলোচনা শেষে আনোয়ার ইব্রাহিম জানান, “এই দুই দেশের জন্য আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি।”
তিনি আরও জানান, শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের শীর্ষ নেতৃত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এ ছাড়া শান্তি উদ্যোগে সহায়তার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে বলে জানান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।
রবিবার থাইল্যান্ড অভিযোগ করে, কম্বোডিয়া তাদের সিসাকেত প্রদেশে রকেট হামলা চালিয়ে একজনকে হত্যা ও একজনকে আহত করেছে। থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়ান স্নাইপাররা বিতর্কিত সীমান্তবর্তী একটি মন্দিরে ঘাঁটি গেড়ে রকেট হামলা চালাচ্ছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, আলোচনার সময়েও থাইল্যান্ডের সুরিন প্রদেশে গোলাবর্ষণ চলতে দেখা গেছে এবং ‘বড় মাত্রার সামরিক প্রস্তুতি’ লক্ষ্য করা গেছে।
থাই সামরিক মুখপাত্র কর্নেল রিচা সুকসুওয়ান জানান, সোমবার ভোরে কম্বোডিয়ার ওডার মেঞ্চেই প্রদেশের সামরং এলাকায় নতুন করে গোলাগুলি শুরু হয়।
অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা অভিযোগ করেন, থাইল্যান্ড সীমান্তে ‘অত্যাধিক সেনা’ মোতায়েন করেছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে ‘ভারী অস্ত্র’ ব্যবহার করছে। তিনি আরও বলেন, থাই বিমান থেকেও ধোঁয়ার বোমা ফেলা হয়েছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী প্রাচীন মন্দির ও জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এই অঞ্চলে মাঝে মাঝেই উত্তেজনা দেখা দেয়। তবে সাম্প্রতিক সংঘর্ষের প্রাণহানি ও বাস্তুচ্যুতি এ সংকটের ভয়াবহতা অনেক বেড়ে দিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার প্রধান লক্ষ্য হলো “অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা।”
বিশ্ব সম্প্রদায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা করা হচ্ছে, এই সমঝোতার মাধ্যমে অঞ্চলটিতে স্থায়ী শান্তি ফিরবে।




