ইসরায়েলের অব্যাহত অবরোধে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুই বছরের কম বয়সী এক লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং চরম মৃত্যুঝুঁকিতে রয়েছে।
টানা ১১ সপ্তাহের অবরোধে গাজায় খাদ্য, পানি ও ওষুধের সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়ে। মে মাসের শেষের দিকে সীমিত পরিসরে কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইসরায়েল ও আমেরিকার তত্ত্বাবধানে পরিচালিত কিছু বিতর্কিত ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারাচ্ছেন অনেক ফিলিস্তিনি।
গাজার তথ্যমতে, দুই বছরের কম বয়সী ১০ লাখেরও বেশি শিশু বর্তমানে খাদ্য সংকটে রয়েছে। এর মধ্যে ৪০ হাজার শিশুর বয়স এক বছরেরও কম। উপযুক্ত খাবার ও ফর্মুলা দুধ না থাকায় শিশুদের পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন মায়েরা। অন্যদিকে অপুষ্টির কারণে অনেক মায়েই বুকের দুধ খাওয়াতে পারছেন না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার অনাহারে আরও পাঁচ ফিলিস্তিনি মারা গেছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। গত মার্চে অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে ১২৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ৮৫ জনের বেশি শিশু।
এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েল শনিবার জানিয়েছে, গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। তবে উত্তর গাজায় একটি ত্রাণ বাক্স একটি তাঁবুর ওপর পড়ে গেলে কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি আহত হন।
এদিকে, রাফা ক্রসিং দিয়ে মিসর থেকেও কিছু ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করতে শুরু করেছে। তবে সেই সরবরাহও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘হান্দালাকে’ আন্তর্জাতিক জলসীমা থেকে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটি জানিয়েছে, জাহাজটি যখন গাজা উপকূল থেকে ৪৭ কিলোমিটার দূরে ছিল, তখন তার আরোহীদের ‘অপহরণ’ করা হয়।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলা ও গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অনেকে ত্রাণকেন্দ্রের পাশে অবস্থান করছিলেন, যা মানবিক সহায়তা বিতরণকেও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
বিশ্লেষকদের মতে, গাজায় খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তা প্রবাহ ব্যাহত হলে শিশুমৃত্যুর সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্রুত, নিরাপদ ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।




