তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে অবস্থান জানিয়েছে থাইল্যান্ড–ক্যাম্বোডিয়া।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ২৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এ যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার নেতারা অবিলম্বে বৈঠকে বসতে সম্মত হয়েছেন এবং যুদ্ধবিরতির পথ খুঁজে বের করতে সম্মিলিতভাবে কাজ করবেন। তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর তিনি এই শান্তি উদ্যোগে সক্রিয় ভূমিকা নেন।
স্কটল্যান্ড সফরকালে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ট্রাম্প জানান, তিনি ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মেনেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, সীমান্ত সংঘর্ষ চলতে থাকলে আমেরিকা কোনো দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি করবে না।
ট্রাম্প বলেন, “উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তির পথে এগিয়ে যেতে চায়।”
এক ফেসবুক পোস্টে থাই প্রধানমন্ত্রী ফুমথাম ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “থাইল্যান্ড মূলত যুদ্ধবিরতির পক্ষে, তবে আমরা ক্যাম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতা দেখতে চাই।” তিনি আরও জানান, “আমি ট্রাম্পকে অনুরোধ করেছি, তিনি যেন ক্যাম্বোডিয়ার নেতাদের জানিয়ে দেন যে থাইল্যান্ড দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চায় এবং যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরিতে প্রস্তুত।”
এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত এবং ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটাই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে গত ১৩ বছরে সবচেয়ে ভয়াবহ সংঘাত।
শনিবার সকালেও উভয় দেশের সীমান্তে সংঘর্ষ হয়েছে বলে জানায় দুই দেশ। থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ত্রাত এবং ক্যাম্বোডিয়ার পুরসাত প্রদেশে নতুন করে সংঘর্ষের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে, যা পূর্ববর্তী সংঘর্ষস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে।
মে মাসে একটি ক্ষণস্থায়ী সংঘর্ষে এক ক্যাম্বোডিয়ান সৈনিক নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। দুই দেশের সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ানো হয় এবং কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়, যার ফলে থাইল্যান্ডের জোট সরকার ভাঙনের মুখে পড়ে।
থাইল্যান্ডের তথ্যমতে, এখন পর্যন্ত তাদের সাতজন সৈনিক ও ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ক্যাম্বোডিয়া জানিয়েছে, তাদের পাঁচজন সৈনিক ও আটজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের আগেও আমেরিকা উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছিল। ট্রাম্প জানান, তিনি উভয় নেতার সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বার্তা বিনিময় করিয়েছেন। তিনি বলেন, “তারা সম্মত হয়েছেন, অবিলম্বে বৈঠকে বসে যুদ্ধবিরতি ও চূড়ান্তভাবে শান্তির পথ খুঁজে বের করবেন।”
ট্রাম্প আরও বলেন, “যখন সব কিছু শেষ হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন আমরা আমাদের বাণিজ্য চুক্তিগুলো এগিয়ে নেব।” যদিও যুদ্ধবিরতি আলোচনা কখন এবং কোথায় হবে, তা এখনো জানায়নি হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি বর্তমানে আসিয়ান জোটের সভাপতি, একটি যুদ্ধবিরতির প্রস্তাব চালিয়ে যাচ্ছেন। ক্যাম্বোডিয়া আনোয়ারের পরিকল্পনাকে সমর্থন করেছে এবং থাইল্যান্ডও নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। আনোয়ার বলেন, “আমি নিজে এই বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখব, অন্তত যেন গোলাগুলি বন্ধ হয়।”
দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত বরাবর বহু অঞ্চল এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। এর মধ্যে অন্যতম বিরোধপূর্ণ এলাকা হলো ১১শ শতাব্দীর প্রাচীন হিন্দু মন্দির ‘প্রোহ বিহার’ ও ‘তা মোয়ান থম’।
১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত প্রোহ বিহার মন্দিরের মালিকানা ক্যাম্বোডিয়াকে দিলেও ২০০৮ সালে ক্যাম্বোডিয়া এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা দিতে চাইলে আবারও উত্তেজনা শুরু হয়। এর পরবর্তী বছরগুলোতে বেশ কয়েকবার সংঘর্ষ হয় এবং বহু প্রাণহানি ঘটে।
২০২৫ সালের জুনে ক্যাম্বোডিয়া আবারও আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে। তবে থাইল্যান্ড আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানিয়ে দ্বিপাক্ষিক সমঝোতার পথকেই বেছে নিতে চায়।




