বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ৫০ আরোহীর সবাই নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে একটি যাত্রীবাহী অ্যান-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করে। বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জানা যায়, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে অগ্রসর হচ্ছিল বিমানটি। কিন্তু হঠাৎ করেই এটি রাডার থেকে হারিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু হয় এবং পরবর্তীতে রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারের মাধ্যমে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধারকারী দল বিমানের ফিউজলেজের সন্ধান পেয়েছে।

আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানিয়েছেন, উড়োজাহাজটিতে ছিলেন ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু ছিলেন বলেও নিশ্চিত করেন তিনি। গভর্নর আরও বলেন, বিমান অনুসন্ধানে জরুরি বাহিনীর সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি রাশিয়ার তাইগা বনাঞ্চলে অবস্থিত, যা খারাপ আবহাওয়া ও কঠিন ভূপ্রকৃতির জন্য পরিচিত। রুশ সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুর্ঘটনার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে খারাপ দৃশ্যমানতা ও অবতরণের সময় পাইলটের ভুলকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

বিমানটি আন-২৪ মডেলের, যা ১৯৫০-এর দশকে নির্মিত হয় এবং এখনও রাশিয়ায় সীমিত পরিসরে যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহৃত হচ্ছে। এই মডেলের এক হাজারেরও বেশি বিমান নির্মিত হলেও বর্তমান সময়ে এটি পুরনো এবং ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হয়।

রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমান দুর্ঘটনায় সব যাত্রীর প্রাণহানি রাশিয়াসহ আন্তর্জাতিক মহলে শোকের ছায়া ফেলেছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রুশ প্রশাসন।