ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে। এই আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি—জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)—এ জড়িত ইউরোপীয় দেশগুলোর অনুরোধে ইরান আলোচনায় রাজি হয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠেয় এই বৈঠকে ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ও কাজেম ঘরিবাদি।
এর আগে, ওমানে আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা স্থগিত হয়ে যায়। সে সময় ইরান জানায়, যদি আমেরিকা সামরিক হুমকি পরিহার করে এবং আগের ক্ষয়ক্ষতির জন্য প্রস্তুত থাকে, তবেই তারা আলোচনায় ফিরবে।
ইরান বারবার উল্লেখ করেছে, তারা চাপ বা হুমকিতে কখনো নত হবে না।
সম্প্রতি ইরানের পার্লামেন্ট থেকেও জানানো হয়েছে, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে পুনরায় আলোচনায় যাওয়া উচিত নয়।
এদিকে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা দিয়েছেন চুক্তিতে পৌঁছানোর জন্য। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে ইউরোপীয় দেশগুলো আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
এই প্রেক্ষাপটেই ইরান ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।




