বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাখাইনে জান্তা বাহিনী ও আরাকান আর্মির তীব্র লড়াই

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (এএ) মধ্যে গত ছয় দিন ধরে তীব্র সংঘর্ষ চলছে। সংঘর্ষের কেন্দ্রস্থল কিয়াউকফিউ শহরের দনিয়াওয়াদ্দি নৌঘাঁটির আশপাশের এলাকা।

আরাকান আর্মি ইতোমধ্যে দনিয়াওয়াদ্দি নৌঘাঁটির কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক চৌকি ঘিরে ফেলেছে, যা ঘাঁটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।

স্থানীয়দের বরাত দিয়ে থাইল্যান্ড থেকে প্রকাশিত মায়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, সেনাবাহিনী এই অঞ্চলে অন্তত এক ডজন চৌকি স্থাপন করেছে। এর মধ্যে কাতথাব্যায় গ্রামে অবস্থিত একটি চৌকিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি টানা হামলা চালিয়ে যাচ্ছে চলতি মাসের শুরু থেকে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে সেনাবাহিনী নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে, যদিও ব্যাপক বিমান হামলার তথ্য এখনো পাওয়া যায়নি। এএ-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চৌকিটি যদি পতন ঘটে, তবে আশপাশের অন্যান্য চৌকিও দ্রুত ভেঙে পড়বে এবং নৌঘাঁটি সরাসরি হুমকিতে পড়বে।

এএ ইতোমধ্যে কিয়াউকফিউ শহরের সঙ্গে নৌঘাঁটির সংযোগকারী সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে, এবং ওই পথে অবস্থিত জান্তা বাহিনীর তিনটি অবস্থান দখল করেছে।

পর্যবেক্ষকদের মতে, এত দিন কিয়াউকফিউ অঞ্চলে সংঘর্ষ না হওয়ায় এটি কিছুটা নিরাপদ ছিল। কারণ এখানে চীনের অর্থায়নে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর, গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি পাইপলাইন রয়েছে।

তবে এখন পরিস্থিতি বদলেছে। সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গ্যাস টার্মিনাল ও চীনা সহযোগিতায় নির্মিত অবকাঠামোর আশপাশেও। পাশাপাশি ৩২ নম্বর পুলিশ ব্যাটালিয়নের ঘাঁটিতেও প্রচণ্ড লড়াই হয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, জান্তা বাহিনী প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে, এবং এতে কিছু কিছু ক্ষেত্রে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। এমনকি জান্তা বাহিনীর সদস্যরাও নিজেদের ড্রোন হামলায় হতাহত হয়েছেন, এমন খবর পাওয়া গেছে, যদিও সেসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সংঘর্ষ ও এলোমেলো বোমাবর্ষণের ফলে ৪০টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। রাখাইন রাজ্যের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ ইতোমধ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কেবল সিতওয়ে, মানাউং ও আরও কয়েকটি শহর জান্তা বাহিনীর দখলে রয়েছে।

এএ এখন রাখাইনের বাইরেও, যেমন মগওয়ে, বাগো ও আয়েয়ারওয়াদ্দি অঞ্চলে অভিযান চালিয়ে সরকার-নিয়ন্ত্রিত নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে।

রাখাইন রাজ্যের সাম্প্রতিক এই পরিস্থিতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের জন্য এক নতুন ও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কৌশলগত এলাকা ও আন্তর্জাতিক স্বার্থ–বিশেষ করে চীনের বিনিয়োগ ও অবকাঠামোকে ঘিরে সংঘর্ষের বিস্তার, এই সংকটকে আরও জটিল করে তুলেছে।

এখন দেখার বিষয়, জান্তা সরকার কতদিন এই চাপ মোকাবিলা করে টিকে থাকতে পারে—নাকি এই সংঘর্ষই তাদের আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।