রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে একধরনের বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয়েছিল বলে দাবি পাঁচ ইউরোপীয় দেশ। গতকাল শনিবার এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান নাভালনি। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
রুশ কর্তৃপক্ষ তখন বলেছিল, কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকেরা অভিযোগ করেন, নাভালনিকে হত্যা করা হয়েছে।
নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে এবার যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস ওই ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করেছে।
গতকাল মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘রাশিয়ায় বন্দী অবস্থায় নাভালনির ওপর এ বিষ প্রয়োগ করার প্রয়োজনীয় সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ—সব শুধু রুশ সরকারেরই ছিল।’
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস–এর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো এ বক্তব্যকে ‘একটি তথ্যগত প্রচারণা’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।
তবে কুপার বলেছেন, ‘এপিবাটিডিন’ নামে পরিচিত এ বিষ নাভালনির দেহে কীভাবে পাওয়া গেল, তার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা রাশিয়া দিতে পারেনি।
যুক্তরাজ্য ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, অ্যালেক্সি নাভালনিকে হত্যায় যে বিষ ব্যবহার করা হয়েছে, সেটি ‘এপিবাটিডিন’। এ বিষ প্রথম পাওয়া যায় দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে স্থানীয় একধরনের বিষাক্ত ব্যাঙে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টক্সিকোলজি বিশেষজ্ঞ জিল জনসন বলেন, এটি ‘মরফিনের চেয়ে ২০০ গুণ শক্তিশালী।’ তিনি বলেছেন, এ বিষ পেশির খিঁচুনি ও পক্ষাঘাত, হৃৎস্পন্দন ধীর হয়ে যাওয়া, শ্বাসযন্ত্র বিকল হওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুর মতো কারণ হতে পারে।




