ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমীর বেলালউদ্দিনকে আটক করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার বেলা পৌনে একটার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক জামায়াত নেতা বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। আগেই থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা রয়েছে। পরে তাঁকে আটক করা হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন।
ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে।’ কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।
তবে জামায়াত ইসলামী টাকা উদ্ধারের বিষয়টি সাজানো নাটক বলে দাবী করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এঘটনা নিছক অপপ্রচার।




