বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুক্রবার, নয়াপল্টনে শেষ জনসভা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নির্বাচনের ডামাডোল যখন চূড়ান্ত পর্যায়ে, তখন রাজধানীর নয়াপল্টন আবারও পরিণত হতে যাচ্ছে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বেলা দুইটা থেকে শুরু হওয়া এই জনসভাকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব বলছে, এই জনসভা থেকেই ভোটের শেষ বার্তা পৌঁছে দেওয়া হবে জনগণের কাছে।

এর আগে, ভোটের প্রস্তুতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ— বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, বিকেল তিনটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবে দলটি। যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষায়, বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, আর সেই আস্থার জায়গা থেকেই নতুন করে প্রতিশ্রুতি তুলে ধরা হবে ইশতেহারে।

রুহুল কবির রিজভী আরও বলেন, দীর্ঘদিনের নিপীড়ন আর চাপেও বিএনপিকে দমন করা যায়নি। দেশের মানুষের কাছে ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি আবেগ আর প্রতিবাদের ভাষা। সেই আবেগ ধারণ করেই মানুষ ভোট দেবে বলে প্রত্যাশা দলের। ইশতেহারে থাকবে চলমান রাজনৈতিক বাস্তবতা, অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান— এমনটাই ইঙ্গিত দিচ্ছেন দলীয় নেতারা।

নয়াপল্টনের জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ার ম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। সব মিলিয়ে, ইশতেহার আর শেষ জনসভা— এই দুই কর্মসূচিতেই বিএনপি দিতে চায় ভোটের আগে তাদের চূড়ান্ত রাজনৈতিক বার্তা।