বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে নয়টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদকে সম্মান জানাতে হলে ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি শহীদ আবু সাঈদসহ প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পরিবর্তন কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে হয়নি, বরং দেশের তৃণমূল মানুষের প্রচেষ্টায় এসেছে। তিনি নিশিরাতের নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষিজাত শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে কর ছাড় দেয়ার পরিকল্পনার কথাও তিনি জানান। এছাড়া রংপুরের কয়লা সম্পদ উত্তোলনের মাধ্যমে উন্নয়ন সম্ভাবনার কথা উল্লেখ করেন।
দুর্নীতি দমনকে দেশের উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের বিচার করে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে।
কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, কৃষি কার্ড প্রদান করা হবে এবং এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেয়া হবে। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে তাদের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ খাল খননের কাজ শুরু হবে। এতে কৃষিপ্রধান অঞ্চলের পানির সমস্যা সমাধান হবে।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তারা একসময় বিএনপির সঙ্গে সরকারে ছিল, তখন ভালো ছিলাম, এখন খারাপ বলছে। প্রশ্ন হচ্ছে, খারাপ হলে তারা কেন পাঁচ বছর আমাদের সঙ্গে ছিল।
সভা শেষে তারেক রহমান রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপি ও জোট-মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তারেক রহমান বগুড়া থেকে গাড়িবহরে রংপুরে আসেন এবং পথে কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।




