মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। ইরানের দিকে দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি যুদ্ধবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প এক বক্তব্যে জানান, “আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে যাচ্ছে। আশা করি তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।” তিনি ইরানকে পারমাণবিক চুক্তিতে আসার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, চুক্তি না হলে পরবর্তী হামলা হবে “আরও ভয়াবহ।”
২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরান পারমাণবিক চুক্তি করলেও ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকাকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করেন। সাম্প্রতিক সময়ে তিনি দাবি করেছেন, ইরান একাধিকবার যোগাযোগ করেছে এবং আলোচনায় বসতে আগ্রহী। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, সামরিক হুমকি অব্যাহত থাকলে তারা কোনো আলোচনায় রাজি হবে না।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “আফগানিস্তান ও ইরাকে আমেরিকার ভুলের কারণে ৭ ট্রিলিয়ন ডলার অপচয় হয়েছে এবং ৭ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছে।” তারা আরও জানায়, ইরান পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সংলাপের জন্য প্রস্তুত, তবে চাপ প্রয়োগ করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি চালানো কার্যকর নয়। যদি তারা সত্যিই আলোচনা চায়, তাহলে হুমকি ও অযৌক্তিক শর্ত বন্ধ করতে হবে।” তিনি জানান, আমেরিকার মধ্যপ্রাচ্যবিষয়ক দূতের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি।
এদিকে, ইরান সম্ভাব্য সংঘাত মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন। এছাড়া ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কাতার জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। মিসরের পররাষ্ট্রমন্ত্রীও ইরান ও আমেরিকার দূতের সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেছেন।
বিশ্লেষকদের মতে, আমেরিকা ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে কিংবা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।




