ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিকসহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস) স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়া ও কেনিয়ার পণ্যও অন্তর্ভুক্ত হয়েছে। ইউরোপীয় কমিশন গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি বিধিমালা জারি করে, যার আওতায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন বছরের জন্য এই সুবিধা প্রত্যাহার করা হবে।
গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানিয়েছে, জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় ভারতীয় রপ্তানিকারকেরা বড় ধাক্কার মুখে পড়বেন। কারণ, ভারত থেকে ইইউতে রপ্তানি হওয়া প্রায় ৮৭ শতাংশ পণ্যের ক্ষেত্রে এখন পূর্ণ এমএফএন শুল্ক দিতে হবে আমদানিকারকদের। মাত্র ১৩ শতাংশ পণ্য, যেমন কৃষিপণ্য ও চামড়াজাত পণ্য, জিএসপি সুবিধার আওতায় থাকবে। আগে কোনো তৈরি পোশাকে সাধারণ শুল্কহার যদি ১২ শতাংশ হতো, জিএসপির আওতায় তা কমে দাঁড়াত ৯.৬ শতাংশে। এখন সেই পণ্যে পুরো ১২ শতাংশ শুল্ক দিতে হবে।
ইইউ ভারতের প্রায় সব বড় শিল্প খাতেই জিএসপি সুবিধা প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে খনিজ, রাসায়নিক, প্লাস্টিক ও রাবার, বস্ত্র ও পোশাক, পাথর ও সিরামিক, মূল্যবান ধাতু, লোহা ও ইস্পাত, মৌলিক ধাতু, যন্ত্রপাতি, বৈদ্যুতিক পণ্য এবং পরিবহন সরঞ্জাম। এসব খাতই ইউরোপে ভারতের রপ্তানির মূল ভিত্তি। এর আগে ২০১৩ ও ২০২৩ সালে ধাপে ধাপে ভারতের জিএসপি সুবিধা কমানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত পুরোপুরি সুবিধা প্রত্যাহার করা হলো।
জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আশাবাদ থাকলেও বাস্তবে রপ্তানিকারকদের বড় বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, জিএসপি সুবিধা প্রত্যাহারের সময়ই ইইউর কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) করপর্ব শুরু হচ্ছে। এতে ভারতীয় রপ্তানি আরও ব্যয়বহুল হয়ে পড়বে।
২০২৪-২৫ অর্থবছরে ভারত ও ইইউর মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬.৫৩ বিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ৭৫.৮৫ বিলিয়ন ডলার এবং আমদানি ৬০.৬৮ বিলিয়ন ডলার। ভারতের মোট রপ্তানির প্রায় ১৭ শতাংশ যায় ইইউর বাজারে। অন্যদিকে, ইইউর মোট রপ্তানির প্রায় ৯ শতাংশের গন্তব্য ভারত।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় সাহাই বলেন, জিএসপি সুবিধা প্রত্যাহারের ফলে ভারতের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। আগে গড়ে প্রায় ২০ শতাংশ শুল্ক সুবিধা পাওয়া যেত, এখন তা আর থাকছে না। ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো ইউরোপীয় বাজারে তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে, কারণ তাদের পণ্য এখনো শুল্কমুক্ত বা কম শুল্কে প্রবেশ করছে।




