আরব বিশ্বে অস্ত্র বিক্রি ও সামরিক সরঞ্জাম রপ্তানিতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। সৌদি আরব, ইরাক, সুদান ও লিবিয়াসহ একাধিক দেশের সঙ্গে যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনা করছে ইসলামাবাদ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সামরিক বাহিনীর কাছে প্রায় ১৫০ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সুদানের চলমান গৃহযুদ্ধে এই চুক্তি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে পাকিস্তান এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধবিমান বিক্রি করেছে। এর আগে মায়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজান পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনেছে। বর্তমানে সৌদি আরব ও ইরাকও এই যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে।
লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে গত ডিসেম্বর প্রায় ৪০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনার কথাও জানা গেছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে।
সম্প্রতি করাচিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কে ট্রেডের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তান ট্যাংক, ড্রোন, সাঁজোয়া যান, নৌবাহিনীর অস্ত্র-প্রযুক্তি ও ছোট অস্ত্র বিভিন্ন দেশে রপ্তানি করছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, এসব উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষাশিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। সৌদি আরবের রিয়াদভিত্তিক কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চের সহযোগী ফেলো উমর করিম মনে করেন, চীনের সহযোগিতা থাকায় পাকিস্তানকে যুদ্ধবিমানের জন্য বিশ্বস্ত উৎস হিসেবে বিবেচনা করবে অনেক দেশ।
তবে মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনীতিতে ভারসাম্য রক্ষা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণে পাকিস্তানকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে; অন্যথায় গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।




