বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কানাডা–চীন সম্পর্ক পুনর্গঠনের পথে, শুল্ক কমাচ্ছে দুই দেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির ‘ঐতিহাসিক’ চীন সফরে দুই দেশ নতুন কৌশলগত অংশীদারত্বে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে, যা দীর্ঘদিনের টানাপোড়েন শেষে সম্পর্ক পুনর্গঠনের বড় অগ্রগতি।

বেইজিংয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। দুই পক্ষ কৃষি, জ্বালানি ও অর্থনীতিতে সহযোগিতা বাড়িয়ে নতুন এক কৌশলগত অংশীদারত্ব গড়ার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে কারনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে তা মোকাবিলায় কানাডা ও চীন একসঙ্গে কাজ করতে পারে। শি জিনপিংও সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, চীন-কানাডা সম্পর্কের সুস্থ বিকাশ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক।

বৈঠকের পর জানানো হয়, কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর আরোপিত শুল্ক শিথিল করছে। সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইভি কানাডার বাজারে প্রবেশের সুযোগ পাবে, যেখানে প্রযোজ্য হবে মাত্র ৬.১ শতাংশ শুল্ক। অন্যদিকে চীন কানাডার ক্যানোলা বীজের ওপর শুল্ক প্রায় ৮৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনতে পারে। লবস্টার ও মটরশুঁটির মতো অন্যান্য কৃষিপণ্যের শুল্কও কমানো হবে বলে আশা করা হচ্ছে। এতে কানাডা আবারও চীনের প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্যানোলা বাজারে প্রবেশের সুযোগ পাবে।

২০১৮ সালে হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেপ্তারের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এরপর চীনে দুই কানাডীয় নাগরিক আটক হওয়ায় সম্পর্ক আরও খারাপ হয়। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে কানাডা নতুন অর্থনৈতিক সুযোগ খুঁজতে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও বিতর্কিত মন্তব্য অটোয়াকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে। চীন-কানাডা উভয় পক্ষ ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। তবে নির্বাচনী বিতর্কে কারনি নিজেই চীনকে কানাডার সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যা দিয়েছিলেন। ফলে এই উষ্ণতা কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।