বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা-ইরান সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে আমেরিকার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, আমেরিকা যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। একই সঙ্গে এসব দেশকে আমেরিকার যেকোনো হামলা ঠেকাতে চেষ্টা করার আহ্বান জানিয়েছে ইরান।

এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গ্রেফতার হওয়া বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৬ বছর বয়সী সোলতানিকে কারাজ শহর থেকে গ্রেফতার করা হয় এবং দ্রুত বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, ইরানি কর্তৃপক্ষ আবারও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে আমেরিকার কিছু সেনাকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার সেনা অবস্থানরত এই ঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় সামরিক স্থাপনা। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এটি পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়, বরং নিরাপত্তা অবস্থান পুনর্বিন্যাস।

গত বছরও আমেরিকা ইরানে বিমান হামলার আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা ও তাদের পরিবার সরিয়ে নিয়েছিল। পরে ইরান আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে, অস্থির পরিস্থিতির কারণে ভারত সরকার ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাস শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ইরানে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে ইরানে অর্থনৈতিক সংকট ও ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ সহিংসতার নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।