বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশও যুক্ত হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ উদীয়মান পাকিস্তান-তুরস্ক-সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে বলে জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে ইতোমধ্যে যৌথ প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে। ২০২৪ সালের আগস্টে আগের সরকারের পতনের পর এই প্রক্রিয়া আরও গতি পায়।

ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ এবং পাকিস্তান-সৌদি আরবের বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনাকে আরও তীব্র করেছে।

টাইমস অব ইসলামাবাদ জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর আঞ্চলিক ভূ-রাজনীতিতে পরিবর্তন এসেছে। নতুন সরকার কি এই ধরনের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবে—এ প্রশ্ন এখন আলোচনায় রয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান-সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এই সম্ভাব্য জোটের ভিত্তি তৈরি করে। চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর যেকোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। এটি প্রতিষ্ঠিত সামরিক জোটগুলোর মতোই সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতিফলন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে ঘিরে সংঘাত, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তির জন্ম।

পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি বাহিনীর জন্য সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অবস্থান এবং সৌদি আরবের সঙ্গে তার সহযোগিতা এখন বাধ্যতামূলক কাঠামোয় রূপ নিয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান-সৌদি আরবের এই জোটে যোগ দেওয়ার বিষয়ে তুরস্ক উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই আলোচনা দ্রুত অগ্রসর হয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতায় রয়েছে যৌথ নৌযান নির্মাণ ও এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়ন। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কও অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে উন্নত হচ্ছে।

তুরস্ক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে এই জোট একটি শক্তিশালী ত্রিপক্ষীয় সামরিক ব্লকে রূপ নেবে। এর লক্ষ্য হবে অভিন্ন হুমকি মোকাবেলা এবং মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে পারস্পরিক সামরিক সক্ষমতা ও সমন্বয় বাড়ানো।

বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এই জোটকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।