সৌদি আরবের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪২ বছর। জীবদ্দশায় তিনি ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
রবিবার (১১ জানুয়ারি) দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। পরে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।
নাসের বিন রাদান ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তার ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি নিয়মিত হজ পালন করেছেন।
মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তার জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।
নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সব শাসনামল প্রত্যক্ষ করেছেন।
এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার ধর্মনিষ্ঠ জীবনকে স্মরণ করছেন।




