ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। বিক্ষোভ দমনে ইরান সরকার সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং দুই হাজার পাঁচশরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এই পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েল ইরানে সম্ভাব্য আমেরিকার হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছে। শনিবার (১০ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল জানিয়েছে, আমেরিকার সম্ভাব্য যেকোনো পদক্ষেপের বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
অন্যদিকে, আমেরিকার হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ঘোষণা করেছেন, যেকোনো আমেরিকার হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার এক ভাষণে বলেন, ‘‘কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না।’’
আমেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। যদিও তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার নির্দেশ এলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হতে পারে।
এদিকে ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হয়, যেখানে নির্বিচারে গুলি চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের হাসপাতালগুলোর চিকিৎসকরা জানিয়েছেন, নিহত ও আহতদের ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়েছে। তরুণদের মাথা ও হৃদপিণ্ড লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। ইসফাহান প্রদেশে পুলিশের ৩০ সদস্য নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ ঘোষণা করেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে। ইরানের দণ্ডবিধি অনুযায়ী এ অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তি।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং ২৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তেহরানে ইন্টারনেট সংযোগ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এবং শাহ আমলের প্রতীক বহনের আহ্বান করেছেন।
ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আমেরিকা ও ইসরায়েল এ পরিস্থিতিকে ঘিরে উচ্চ সতর্কতায় রয়েছে। নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে এর ভয়াবহ পরিণতি হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব।




