বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরানজুড়ে বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে, ইন্টারনেট ব্ল্যাকআউট ও আগুন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে এবং মোবাইল ফোন পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিপর্যয় ও মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে।

অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ জন নিরাপত্তা সদস্য। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫১ জন, যার মধ্যে ৯ শিশু রয়েছে।

এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকাভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন। শুক্রবার (৯ জানুয়ারি) সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ জন নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের অধিকাংশ গুলিতে প্রাণ হারিয়েছেন। যদি এ তথ্য নিশ্চিত হয়, তবে তা ইরান সরকারের কঠোর অবস্থানকে স্পষ্ট করে। এ ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হয়েছে, যিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যার পরিণতি ভয়াবহ হবে।

বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ইসফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়। ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।

বিবিসি পারসিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহত ২২ জনের পরিচয় যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

তেহরানের আয়াতুল্লাহ কাশানি বুলেভার্ডে ব্যাপক বিক্ষোভ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এএফপির যাচাইকৃত ছবিতে রাজধানীসহ বিভিন্ন শহরে বিপুল জনসমাগম দেখা গেছে। উত্তরের তাবরিজ, পূর্বাঞ্চলের মাশহাদ ও ঐতিহাসিক শহর ইসফাহানেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও আমেরিকা প্রবাসী রেজা পাহলভি বৃহস্পতিবার সন্ধ্যায় গণ আন্দোলনের ডাক দেন। বিক্ষোভকারীরা ‘স্বৈরাচারী নিপাত যাক’ ও ‘পাহলভি দীর্ঘজীবী হোক’ স্লোগান দেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দমন-পীড়ন সত্ত্বেও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই, বরং এর পরিসর আরও বাড়ছে।