ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টাইন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর মাদুরো বলেন, “আমি নির্দোষ। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে জোর করে এখানে আনা হয়েছে।” তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একইভাবে অভিযোগ অস্বীকার করেন।
আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে। এর আগে গত শনিবার আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়।
আমেরিকা প্রশাসনের অভিযোগ, মাদুরো মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার এফএআরসি বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ত্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সঙ্গে সমন্বয়ে কোকেন পাচারে জড়িত। তাঁর বিরুদ্ধে কোকেন আমদানির ষড়যন্ত্র, মাদক-সন্ত্রাসবাদ এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ আনা হয়েছে।
সোমবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ব্রুকলিনের আটককেন্দ্র থেকে আদালতে আনা হয়। সিএনএন জানিয়েছে, তাঁদের একটি বুলেটপ্রুফ গাড়িতে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজিরার সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
অন্যদিকে, ভেনেজুয়েলায় মাদুরোর মুক্তির দাবিতে প্রায় দুই হাজার সমর্থক রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন। লাল, নীল ও হলুদ রঙের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—“আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন” এবং “ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়।”
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে। চিকিৎসকদের দাবি, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।
মাদুরোর ছেলে ও কংগ্রেসম্যান নিকোলাস মাদুরো গুয়েরা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বলেন, “তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।” গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ‘মাদক সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে।
ভেনেজুয়েলায় মাদুরোপন্থী শক্তি হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক আন্দোলন টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার অভিযানের পর দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।




