বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কের কারাগারে মাদুরো: জাতিসংঘের উদ্বেগ, বিশ্বজুড়ে নিন্দা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার সামরিক অভিযানে আটক হয়ে নিউ ইয়র্কে বন্দিশিবিরে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। শনিবার রাতে কারাকাসে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তাঁদের তুলে নিয়ে যায় আমেরিকান বাহিনী। এরপর রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত একটি ভিডিওতে মাদুরোকে হাতকড়া পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওতে তিনি শুধু বলেন, “গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।”

এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। রাশিয়া ও চীন অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ভারত জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এভাবে একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা বিপজ্জনক নজির। সোমবার সকাল ১০টায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকেছে।

ভেনেজুয়েলার আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তিনি টেলিভিশনে ভাষণ দিয়ে আমেরিকার পদক্ষেপকে বেআইনি কর্মকাণ্ড ও শক্তির অপব্যবহার বলে উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, বরং মাদক পাচার চক্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে আমেরিকান কংগ্রেসম্যান জ্যাক অচিনক্লজ দাবি করেছেন, আসল কারণ তেল। তাঁর মতে, ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যা চায় তা না পেলে আবারও ভেনেজুয়েলায় হামলা চালানো হতে পারে। এদিকে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, এই হামলা সাম্রাজ্যবাদী পদক্ষেপ এবং লাতিন আমেরিকায় আমেরিকার হস্তক্ষেপের অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।

আমেরিকার সেনাবাহিনী ‘অ্যাবসলিউট রিজলভ’ নামে অভিযানের বিস্তারিত প্রকাশ করেছে। এতে আকাশ, স্থল, মহাকাশ ও সামুদ্রিক বাহিনী একযোগে অংশ নেয়। বিশেষ বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে প্রথমে আমেরিকার নৌবাহিনীর জাহাজে, পরে নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে নিয়ে যায়। বর্তমানে তাঁকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।